

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু বলেছেন, আওয়ামী সাংবাদিক-বুদ্ধিজীবীদের জন্য শেখ হাসিনার পতন হয়েছে। সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক। তাদের কোনো দল নেই। মানুষের কল্যাণে, সমাজের অসঙ্গতি তুলে ধরাই তাদের কাজ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে। রোববার (২ আগস্ট) বিকেলে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বরকত উল্লাহ বুলু বলেন, যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীন সাংবাদিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন তাহলে সমাজ ও রাষ্ট্র উপকৃত হয়। রাজনৈতিক প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, শেখ হাসিনার পতন হয়েছে। এখন দেশের মানুষ একটি নতুন রাজনৈতিক বাস্তবতার মধ্যে রয়েছে। এ সময়ে সাংবাদিক, বুদ্ধিজীবী, ব্যবসায়ীসহ সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের উচিত দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। সাংবাদিকদের ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। সংসদ সদস্য বলেন, সাংবাদিকদের কাজ কোনো ব্যক্তি বা দলের পক্ষে অবস্থান নেওয়া নয়, বরং সত্য তুলে ধরা। জনগণ প্রকৃত তথ্য জানতে চায়, তাই বস্তুনিষ্ঠতা বজায় রাখা অত্যন্ত জরুরি। মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করতে হলে সাংবাদিকদের পেশাগত নৈতিকতা বজায় রাখতে হবে। সাংবাদিকদের উদ্দেশে বুলু বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। এ দর্পণ যেন কখনো ম্লান না হয়। সাংবাদিকদের ঐক্য, পেশাদারিত্ব এবং দায়িত্বশীলতাই গণমাধ্যমকে আরও শক্তিশালী করবে। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সুস্থ বিনোদন ও ক্রীড়া কার্যক্রম সাংবাদিকদের মানসিক প্রশান্তি এনে দেয়। এতে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হয়। নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি অধ্যাপক লিয়াকত আলী খানের সভাপতিত্বে সিনিয়র সহসভাপতি আজাদ ভূঁইয়ার সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, জেলা বিএনপির সদস্য শামিমা বরকত লাকি, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম কিরন, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান। আরও উপস্থিত ছিলেন- নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহসভাপতি তাজুল ইসলাম মানিক ভূঁইয়া, সহসভাপতি এমবি আলম, সহসভাপতি, সহসভাপতি এস এম রিজোয়ান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন, যুগ্ম সম্পাদক মোজাম্মেল কামাল, যুগ্ম সম্পাদক ইমাম উদ্দিন আজাদ কোষাধ্যক্ষ কামরুল কানন, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা লিটন, দপ্তর সম্পাদক নাসিম শুভ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক গোলাম কিবরিয়া রাহাত, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. মাহবুবুর রহমান, ক্রীড়া ও প্রচার সম্পাদক এবং ফজলুল কাদের রাজু,নির্বাহী সদস্য আকাশ মো. জসিম, আনোয়ার তোহা, মো. সালাহ উদ্দিন, সিরাজ উদ্দিন শাহিন ও মুজাহিদুল ইসলাম সোহেল।