
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় অভিযান চালিয়ে পারভেজ ও বিপ্লব নামের দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের সাথে থাকা একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ৮০ হাজার ৩৬০পিস ইয়াবা জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা। জব্দ করা হয়েছে তাদের ব্যবহৃত জিপ গাড়িটি। বৃহস্পতিবার সকালে চৌমুহনী পৌরসভার করিমপুর রূপসা শপিং কমপ্লেক্স এর সামনে থেকে তাদের আটক করা হয়। আটকৃত পারভেজ ও বিপ্লবের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌমুহনী পৌরসভার করিমপুর রূপসা শপিং কমপ্লেক্সের সামনে অভিযান চালায় বেগমগঞ্জ মডেল থানা পুলিশ। অভিযান কালে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে ফেনী থেকে আসা কালো রংয়ের হার্ডজিপকেয়া নামক জীপ গাড়ীর গতিরোধ করা হয়। পরে সেটিতে তল্লাশি চালিয়ে গাড়ীর পিছনে ডান পাশের দরজায় বিশেষভাবে লুকানো অবস্থায় সাদা স্কচটেপ দ্বারা মোড়ানো ৪১টি কাগজের প্যাকেটের মধ্যে ১৯৬টি নীল রংয়ের জীপারযুক্ত পলি ব্যাগে ৮০হাজার ৩৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, আটককৃত আসামী পারভেজ এর বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ৬টি মামলা বিচারাধীন। এই ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।