

নোয়াখালীতে ইয়াবা ট্যাবলেটসহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২১ জুন) দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (২০ জুন) রাত দেড়টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। আসামি নাম মো. শাওন হোসেন ওরফে শাওন গাজী (১৯)। তিনি উপজেলার ভীমপুর গ্রামের মন গাজী বেপারী বাড়ির সিরাজুল ইসলামের ছেলে ও নিষিদ্ধ সংগঠন চাটখিল পৌরসভা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল থানা পুলিশের একটি দল উপজেলার হালিমা দীঘিরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে শাওন গাজীকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, গ্রেপ্তার শাওন গাজী মাদক বহনের পাশাপাশি গত জুলাই-আগস্টে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলার ঘটনায় দায়ের হওয়া একটি মামলার অন্যতম এজাহারনামীয় আসামি। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। চাটখিল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি মামলা করা হয়েছে। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের ওপর হামলার মামলার আসামি। পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।