

বাবা হোর্হে মেসির মৃত্যুর পর শোক এখনো কাটিয়ে উঠতে পারেননি আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। যদিও লিগস কাপে ৩-২ গোলে মায়ামির হারের ম্যাচে খেলেছেন তিনি। দলের প্রধান তারকার খারাপ সময়ে সবার প্রতি বিশেষ অনুরোধ করলেন ইন্টার মায়ামি কোচ গুইলেরমো হোয়োস। ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ‘গোলডটকম’ তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) মায়ামি কোচ বললেন, আমি বিশ্বাস করি সবকিছু ধীরে ধীরে হওয়া উচিত। খেলোয়াড়ের মাঝে এখনো গভীর যন্ত্রণা আছে। এটা রাতারাতি পাল্টে যাবে না। আর্জেন্টাইন কোচ যোগ করলেন, তাই, আমি মনে করি এই মুহূর্তে নীরবতাই সর্বোত্তম পথ। নীরবতা, স্থিরতা এবং প্রশান্তি, যাতে সে নিজের জন্য একটি জায়গা খুঁজে নিতে পারে। তার পাশে থাকা এবং তার সাথে এই নীরবতা ভাগ করে নেওয়া আমাদের কর্তব্য। আমার কাছে নীরবতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটিই শেষ পর্যন্ত একজন মানুষকে সামনে এগিয়ে যাওয়ার পথ খুঁজে পেতে সাহায্য করে। সে সত্যিই একজন চমৎকার মানুষ এবং তার একটি চমৎকার পরিবার রয়েছে। এর আগে বাবার মৃত্যু সংবাদ পেয়েই দেশে ফিরে যান মেসি। আর্জেন্টাইন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মায়ামিতে ফেরার আগে একটি ব্যক্তিগত স্মরণ অনুষ্ঠানে ছিলেন তিনি। তারপর মায়ামিতে ফিরে দলের অনুশীলনে যোগ দেন এবং মেক্সিকান ক্লাবের মুখোমুখি হন। লেওনের বিপক্ষে ম্যাচের শুরুতে বেঞ্চে ছিলেন মেসি। দ্বিতীয়ার্ধের শুরুতে তাকে নামানো হয় এবং ৪৫ মিনিট খেলেন। মাঠে ঢোকার মুহূর্তে তার প্রতি শ্রদ্ধা জানান দর্শক-সমর্থকরা। দলের প্রতি মেসির দায়িত্ববোধ নিয়ে হোয়োস বলেছেন, তাকে যথার্থ মূল্যায়ন করার মতো কোনো শব্দ নেই। একজন মানুষ হিসেবে তার মূল্য বোঝানোর মতো ভাষা আমি খুঁজে পাই না। আমরা এখানে একজন ফুটবলার হিসেবে তার মূল্য নিয়ে কথা বলছি না, বরং বিশাল হৃদয়ের অধিকারী একজন চমৎকার মানুষ সম্পর্কে কথা বলছি।